ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত
একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিপিএল, ঘরোয়া ক্রিকেট ও ঘরের মাঠে ভারত সিরিজসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
দেশের জনপ্রিয় এই ঘরোয়া টুর্নামেন্ট পুরোপুরি বন্ধের পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘এ বছর বিপিএল নাও হতে পারে। এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আরও ভালো বলতে পারবেন।’
তবে বিপিএল আয়োজনের ক্ষেত্রে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত ইচ্ছা বিপিএলটা গুছিয়ে করা। যেখানে খেলা নিয়ে আলোচনা হবে, হার-জিত নিয়ে কথা হবে। টাকাপয়সা নিয়ে নেতিবাচক খবর হোক, সেটা চাই না।’
বিপিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও এটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে উল্লেখ করে তামিম বলেন, ‘বিশ্বের কাছে বাংলাদেশের টুর্নামেন্ট। ভাবমূর্তি রক্ষা করা আমাদের কর্তব্য।’
২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এ বছর বিপিএল না হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে কি না—জানতে চাইলে তামিম বলেন, এ বছর আয়োজন করা সম্ভব না হলেও ২০২৭ সালে ভালোভাবে টুর্নামেন্ট আয়োজন করা যাবে। পাশাপাশি অন্যান্য টি-টোয়েন্টি টুর্নামেন্টও রয়েছে বলে জানান তিনি।
ঢাকার ক্লাব ক্রিকেট নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগ ও তৃতীয় বিভাগ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং নতুন মৌসুমও শুরু হবে। দ্বিতীয় বিভাগের দলগুলো অংশ নেয়নি জানিয়ে তিনি বলেন, ওই দলগুলোর খেলোয়াড়দের আর্থিক অনুদানের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
এদিকে ভারতীয় দল চলতি মাসে বাংলাদেশ সফরে আসবে কি না, সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলতে পারেননি তামিম। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, বোর্ড সভাপতি হিসেবে নিজের সীমার মধ্যে থেকে তিনি যতটা করার, করেছেন। তবে সীমা অতিক্রম করতে চান না। বর্তমানে এ বিষয়ে এর চেয়ে বেশি নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয় বলেও জানান তিনি।