ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর, সাভারের আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা। এ সময় আশুলিয়া ও মিরপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার সকাল ১০টার পর আশুলিয়ার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাতের সৃষ্টি হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) শোয়েব আহম্মেদ জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। পাশাপাশি ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, সোমবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর মিরপুর-১০ এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে শ্রমিকদের পক্ষ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। জবাবে পুলিশ টিয়ারশেল ছুড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শ্রমিকরা সড়ক অবরোধের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
এদিকে, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। শ্রমিক আন্দোলনের প্রভাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণঘাটিসহ আশপাশের শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করে।
বিক্ষোভের কারণে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television