ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমিক অসন্তোষ: গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারিও জোরদার করেছে বাহিনীটি।

সোমবার (৩ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্প-কারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

বর্তমানে গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া আশুলিয়া ও মিরপুরসহ আশপাশের শিল্পাঞ্চলের পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত ব্যবস্থা নিতে ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে লাইভ মনিটরিং চালু রয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, সংযোগস্থল ও সংবেদনশীল এলাকায় ড্রোনের সাহায্যে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি দায়িত্ব পালনরত সদস্যদের বডি ওর্ন ক্যামেরার ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সদর দপ্তরে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে এসব ক্যামেরা ও ড্রোনের লাইভ ফুটেজ সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে পরিস্থিতি তাৎক্ষণিক মূল্যায়নের পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

বিজিবি জানিয়েছে, জনসাধারণের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ