ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের ধ্বংসযজ্ঞের মধ্যে নতুন করে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গত দুই দিনের ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে অন্তত ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে। এতে আশ্রয় হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার।
শুক্রবার গভীর রাত থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে গাজার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি কয়েক ডজন ভবনের দেয়াল ধসে পড়েছে। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ দুর্যোগে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ ডলার।
চিকিৎসাসংশ্লিষ্ট সূত্রের বরাতে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত দুটি ভবনের দেয়াল ঝড়ের সময় ধসে পড়ে। এর মধ্যে একটি ভবনের ঢেউটিন উড়ে গিয়ে পাঁচ ফিলিস্তিনি আহত হয়েছেন।
গাজা সিটি পৌরসভার মুখপাত্র হোসনি মুহান্না জানিয়েছেন, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত তাঁবুর বাসিন্দাদের জন্য বিকল্প আশ্রয়ের ব্যবস্থা নেই। বর্তমানে প্রায় ১০ লাখ মানুষ গাজা সিটির মাত্র ৩০ শতাংশ এলাকায় বসবাস করছেন। এতে যুদ্ধের কারণে আগে থেকেই ক্ষতিগ্রস্ত অবকাঠামোর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
তিনি আরও জানান, মাত্র ১২ ঘণ্টায় গাজা সিটিতে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা শহরটির বার্ষিক বৃষ্টিপাতের প্রায় ১৫ শতাংশ। প্রবল বাতাসে বহু তাঁবু উড়ে গেছে বা ছিঁড়ে গেছে। একই সঙ্গে বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো।
জলাবদ্ধ সড়ক, ভূমিক্ষয় ও বন্ধ নালার বিষয়ে পৌর কর্তৃপক্ষের কাছে প্রায় ২৫০টি অভিযোগ জমা পড়েছে। সীমিত জনবল ও সরঞ্জাম নিয়েই পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন পৌরকর্মীরা। এ ছাড়া গাজা সিটির ২৭০টি শরণার্থীশিবির ও আশ্রয়কেন্দ্র বন্যার ঝুঁকিতে রয়েছে। যুদ্ধের ক্ষয়ক্ষতির কারণে শহরটির পানি নিষ্কাশনব্যবস্থার সক্ষমতা কমে মাত্র ২০ শতাংশে দাঁড়িয়েছে।
এ পরিস্থিতিতে শীতকালীন সামগ্রী, ত্রাণ ও ভারী উদ্ধার সরঞ্জাম প্রবেশের সুযোগ দিতে সীমান্ত ক্রসিংগুলো সম্পূর্ণ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন পৌরসভার মুখপাত্র।
গাজার সিভিল ডিফেন্সের জনসংযোগ পরিচালক আবদুল্লাহ আল-মাজদালাউই বলেন, ঝড় শুরু হওয়ার পর থেকে উদ্ধারকর্মীদের কাছে শত শত জরুরি সহায়তার আবেদন এসেছে। পানিতে ডুবে যাওয়া তাঁবু ও শিবিরের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবনের দেয়াল ধসে পড়ার আশঙ্কায় অনেক পরিবার সাহায্য চেয়েছে।
তিনি জানান, তাৎক্ষণিক প্রাণহানির ঝুঁকি মোকাবিলা করা সম্ভব হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন আশ্রয়ের ব্যবস্থা করার মতো পর্যাপ্ত সরঞ্জাম ও সক্ষমতা উদ্ধারকর্মীদের নেই।
এর আগে বৃহস্পতিবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানায়, গাজার প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের আশ্রয় ও জরুরি সহায়তা প্রয়োজন। যা উপত্যকার মোট জনসংখ্যার প্রায় ৯৪ শতাংশ। সংস্থাটির জুন মাসের এক জরিপে দেখা গেছে, এসব মানুষের মধ্যে ৫৮ শতাংশের আশ্রয়সংকট গুরুতর কিংবা বিপর্যয়কর পর্যায়ে রয়েছে।
যুদ্ধের কারণে ঘরবাড়ি হারানো মানুষের জন্য এবার বৃষ্টি ও ঝড় নতুন দুর্যোগ হয়ে দেখা দিয়েছে। পর্যাপ্ত আশ্রয় ও উদ্ধার সরঞ্জামের অভাবে গাজায় মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television