জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সমালোচনার ব্যঙ্গাত্মক জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গত ৫ আগস্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্স আয়োজিত ওই কনসার্টে স্ত্রীকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ। অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার স্ত্রীর হাতে থাকা ব্যাগটির দাম নিয়ে শুরু হয় আলোচনা। বিভিন্ন পোস্টে ব্যাগটির দাম ৫ থেকে ৬ লাখ টাকা বলে দাবি করা হয়।
এ নিয়ে আওয়ামীপন্থি অ্যাক্টিভিস্ট চিকিৎসক আইজুদ্দিন একটি ছবি পোস্ট করে ব্যাগটির দাম ৬ লাখ টাকা বলে দাবি করেন। একই ছবি পোস্ট করেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাংগঠনিক সম্পাদক আসিফ সৈকত। পরে অবশ্য তিনি তার পোস্টটি সরিয়ে নেন।
তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের যাচাই অনুযায়ী, আলোচিত ব্যাগটির প্রকৃত দাম ১ হাজার ৫৮০ টাকা; ৫ বা ৬ লাখ টাকা নয়।
ব্যাগটির দাম নিয়ে ছড়িয়ে পড়া এসব দাবির পর বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ। তিনি ব্যাগটি নিলামে তোলার ইচ্ছার কথা জানিয়ে লেখেন, যারা ব্যাগটির দাম ৬ লাখ টাকা বলে গুজব ছড়িয়েছেন, তারা কিনতে চাইলে আরও কম দামে দেওয়া হবে।
পরে ব্যাগটির ছবি প্রকাশ করে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘এই বিখ্যাত ব্যাগটি বিক্রয় করা হবে। ১৫৮০ টাকার ব্যাগ মাত্র ৬ লাখ টাকায়।’ একই পোস্টে গুজব ছড়ানো ব্যক্তিদের উদ্দেশে ‘৮০ শতাংশ ডিসকাউন্ট’-এর কথাও উল্লেখ করেন তিনি।
আসিফ মাহমুদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও প্রোপাগান্ডার মাধ্যমে তিনি নিয়মিত চরিত্রহননের শিকার হচ্ছেন।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television