মডার্ন টেলিভিশন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে এবং ফ্যাসিবাদের যেকোনো ইঙ্গিত বা অশুভ তৎপরতা প্রতিহত করতে হবে।
এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে নানা ধরনের দমন-পীড়ন, মামলা, হামলা, গুম ও নির্যাতনের মুখোমুখি হয়েও বিএনপি এবং গণতন্ত্রকামী শক্তিকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, অতীতে অসংখ্য নেতাকর্মী গুম, হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু জনগণ আর সেই পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চায় না।
তিনি বলেন, জনগণ কোনোভাবেই গুম, ক্রসফায়ার কিংবা রাজনৈতিক হয়রানিমূলক কর্মকাণ্ডকে সমর্থন করবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান সরকারের সময়কালে গুম, ক্রসফায়ার বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলার মতো ঘটনা ঘটেনি।
দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, শান্তি ও সমৃদ্ধির ধারাকে ব্যাহত করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। তবে জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে এসব অপচেষ্টা সফল হবে না।
তিনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। দেশবিরোধী অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হলেও জনগণ তা প্রতিহত করবে।
রিজভী বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেওয়া হবে না। দেশের জনগণ স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষায় সবসময় ঐক্যবদ্ধ থাকবে।
তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের যেকোনো ইঙ্গিত এবং অশুভ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television