জাপানের বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে লাল কার্ড দেখেছিলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সেই ঘটনার শাস্তি হিসেবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। ফলে আজ সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে না অভিজ্ঞ এই ইতালিয়ান কোচকে।
বাংলাদেশ সময় বিকেল ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে আনচেলত্তির পরিবর্তে সাইডলাইনের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ ফ্রান্সেসকো মাউরি। তবে মাঠের বাইরে থাকলেও দলের সঙ্গে আনচেলত্তির যোগাযোগ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
৩৮ বছর বয়সী মাউরির জন্য এটি হতে যাচ্ছে কোচিং ক্যারিয়ারের বিশেষ এক অভিজ্ঞতা। এর আগে কখনো কোনো দলের প্রধান ম্যাচ পরিচালনার দায়িত্ব পাননি তিনি। এমনকি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার আগে কোনো জাতীয় দলের কোচিং স্টাফেও কাজ করার অভিজ্ঞতা ছিল না তার।
তবে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মাউরির। রিয়াল মাদ্রিদ, নাপোলি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবে অ্যাথলেটিক ও রিহ্যাব কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার ব্রাজিলের ডাগআউটে দাঁড়িয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের অপেক্ষায় এই ইতালিয়ান।
জাপানের কাছে হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। একই সঙ্গে দলের খেলোয়াড়দের সামর্থ্য যাচাই করে নেওয়ারও বড় মঞ্চ এটি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তির বক্তব্যেও খেলোয়াড়দের পরখ করে নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ফলে এই ম্যাচে ব্রাজিলের একাদশ ও মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ডাগআউটে মাউরির দায়িত্ব পালনও থাকবে আলোচনায়।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television