ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। উদ্ভূত পরিস্থিতিতে নতুন করে পাঁচটি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর আগে সোমবার (১৬ নভেম্বর) থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। সব মিলিয়ে জেলায় বন্ধ কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ৩১টিতে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়ক দুটিতে অবরোধ অব্যাহত ছিল।
শ্রমিকদের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। এ সময় মহাসড়কে চলাচলকারী কয়েকটি বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
পুলিশ, শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া, চৌরাস্তা ও তিন সড়ক এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে বের হন। তবে কারখানায় উপস্থিত হলেও কাজে অংশ না নিয়ে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন তারা। পরিস্থিতি বিবেচনায় ভোগড়া এলাকার পাঁচটি কারখানাসহ কয়েকটি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এর আগে সোমবার কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন শিল্পাঞ্চলের ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার ছুটি ঘোষণার পর শ্রমিকরা দলবদ্ধভাবে কারখানা এলাকা ছেড়ে বেরিয়ে আসেন। এ সময় বিভিন্ন সড়ক ও অলিগলির মুখে তাদের অবস্থান নিতে দেখা যায়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের কারণে বিভিন্ন এলাকার ২৬টি কারখানা আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। মঙ্গলবার সকালে ভোগড়া এলাকার আরও পাঁচটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। ছুটি ঘোষণার পর বেশ কিছু শ্রমিক মহাসড়কে নেমে আসেন।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television