বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ গত এক দশকে প্রায় তিন গুণ বেড়েছে। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ দেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪৩ কোটি মার্কিন ডলারে। জনসংখ্যার হিসাবে প্রত্যেক নাগরিকের বিপরীতে গড় বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ৬৪৬ ডলার।
বিশ্বব্যাংকের ‘ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৬’-এ উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৩ হাজার ৮৭৭ কোটি ডলার। এক দশকের ব্যবধানে তা বেড়ে ১১ হাজার ৩৪৩ কোটি ডলারে পৌঁছেছে। প্রতি ডলার ১২৫ টাকা হিসাবে বর্তমান ঋণের পরিমাণ প্রায় ১৪ লাখ ১৮ হাজার কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ। ১৭ কোটি ৫৭ লাখ জনসংখ্যার ভিত্তিতে মাথাপিছু ঋণের এই হিসাব করা হয়েছে। তবে ৬৪৬ ডলারের এ পরিমাণ প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত ঋণ নয়; এটি মোট বৈদেশিক ঋণের একটি গড় হিসাব।
ঋণের বড় অংশ রয়েছে বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছে। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) এসব প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশের মোট বকেয়া ঋণ ৫ হাজার ১১৪ কোটি ডলার। এর মধ্যে বিশ্বব্যাংকের কাছে ২ হাজার ২৬৩ কোটি এবং এডিবির কাছে ১ হাজার ৭৫১ কোটি ডলার বকেয়া রয়েছে।
এ ছাড়া জাপান, চীন, ভারত ও রাশিয়ার মতো দ্বিপক্ষীয় ঋণদাতা দেশগুলোর কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ ৩ হাজার ২৬৪ কোটি ডলার। সরকারি ঋণের পাশাপাশি বেসরকারি খাতের বৈদেশিক ঋণ রয়েছে প্রায় ১ হাজার কোটি ডলার। স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ প্রায় দেড় হাজার কোটি ডলার।
তবে বৈদেশিক ঋণ বাড়লেও ঋণ পরিশোধের সক্ষমতার কিছু সূচকে বাংলাদেশের অবস্থান এখনো তুলনামূলক সহনীয় বলে জানিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদন অনুযায়ী, মোট জাতীয় আয়ের (জিএনআই) বিপরীতে বৈদেশিক ঋণের অনুপাত দাঁড়িয়েছে ২৪ শতাংশ। এক বছরের ব্যবধানে এ হার বেড়েছে প্রায় ৬ শতাংশ।
অন্যদিকে রপ্তানি আয়ের বিপরীতে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের অনুপাত কমে ১৬ শতাংশে নেমেছে, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ কম। অর্থাৎ রপ্তানি থেকে প্রতি ১০০ ডলার আয়ের মধ্যে ১৬ ডলার ব্যয় হচ্ছে বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ পরিশোধে।
এদিকে ঋণের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা পরিশোধের ব্যয়ও বাড়ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ বৈদেশিক ঋণের বিপরীতে ১১০ কোটি ডলার পরিশোধ করেছিল। ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে ২০১ কোটি ডলারে দাঁড়ায়। ২০২২-২৩ অর্থবছরে পরিশোধের পরিমাণ প্রায় ৩০০ কোটি ডলারে পৌঁছায়।
সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হয়েছে প্রায় ৪৫০ কোটি ডলার। অর্থাৎ ১৪ বছরের ব্যবধানে ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে চার গুণেরও বেশি।
অর্থনীতিবিদদের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠছে আগামী দিনের ঋণ পরিশোধের চাপ। কারণ, বড় কয়েকটি অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধের সময় ঘনিয়ে আসছে। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প উল্লেখযোগ্য। এসব প্রকল্পের ঋণের বড় অংশ জাপানকে পরিশোধ করতে হবে।
এ ছাড়া কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল ও মেট্রোরেল প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ ইতোমধ্যে শুরু হয়েছে। ফলে বৈদেশিক ঋণের পাশাপাশি ভবিষ্যতে ঋণ পরিশোধের বাড়তি চাপ সামাল দেওয়াও বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television