ছবির ক্যাপশন: সংগৃহীত
গতকাল বুধবার সকাল ১১টা থেকে ১২টার মধ্যে দুই ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে আনুমানিক ১৫ বছর বয়সী ওই কিশোরীর মরদেহ হাসপাতালের সামনে রেখে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক জাকিয়া তাসনিম বৃহস্পতিবার বিকেলে কিশোরীর ময়নাতদন্ত সম্পন্ন করেন। তিনি জানান, কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মৃত্যুর আগে ধর্ষণের শিকার হয়েছিল কি না, তা জানতে চাইলে তিনি বলেন, ডিএনএ নমুনাসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
শাহবাগ থানার এসআই মাহফুজা আক্তার জানান, কিশোরীর মাথা, গলার ডান পাশের সামনে ও পেছনে এবং থুতনিতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর আগে সে শারীরিক নির্যাতন বা ধর্ষণের শিকার হয়েছিল কি না, তা জানতে ফরেনসিক বিভাগের কাছে জানতে চাওয়া হয়েছে।
তিনি আরও জানান, হাসপাতালের সামনে মরদেহ ফেলে পালিয়ে যাওয়ার ঘটনাটি তদন্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে শাহবাগ থানা পুলিশ। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।