ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চাকরির প্রলোভনে বন্ধুকে টঙ্গীতে ডেকে হত্যা, মরদেহ মিলল ইজতেমা ময়দানে

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
চাকরি দেওয়ার কথা বলে বন্ধুকে ডেকে এনে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। প্রায় এক মাস নিখোঁজ থাকার পর ফরিদপুরের আকাশ সরদার নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকালে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের একটি পরিত্যক্ত ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আকাশ সরদার ফরিদপুর কোতোয়ালি থানার চাঁদপুর গ্রামের করিম সরদারের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তার মাজহারুল ইসলাম মিঠু নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নাজিরপুর গ্রামের তারা মিয়ার ছেলে। আকাশ ও মিঠু দুজনই আগে কম্বোডিয়ায় প্রবাসজীবন কাটিয়েছেন।

মামলার তথ্য অনুযায়ী, প্রায় আড়াই বছর আগে সোনারগাঁয়ের অপু মিয়ার মাধ্যমে তাঁরা দুজন কম্বোডিয়ায় যান। প্রায় তিন মাস আগে দেশে ফেরার পর আকাশ বেকার ছিলেন। চাকরি দেওয়ার কথা বলে গত ২৭ জুলাই তাঁকে সোনারগাঁয়ে ডেকে নেন মিঠু। পরে তাঁকে অপহরণ করে টঙ্গীতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, ওই দিন সন্ধ্যায় আকাশের স্ত্রী জেরিনের WhatsApp নম্বরে সুমন নামে এক ব্যক্তি ফোন করে জানান, আকাশকে আটকে রাখা হয়েছে। এরপর তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।

পরে আকাশের বাবা করিম সরদার ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় মিঠু, অপু মিয়া ও সুমন মিয়াকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

তদন্তে র‌্যাব-১-এর একটি দল গত ২৩ আগস্ট টঙ্গী পশ্চিম থানার এলাকায় অভিযান চালিয়ে মিঠুকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের ২১ নম্বর টয়লেটের পাশে একটি পরিত্যক্ত ড্রেন থেকে আকাশের গলিত মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ