ছবির ক্যাপশন: ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।
বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলানগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার আইনি প্রক্রিয়া অনুসরণ করে সব অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি আরও জানান, গত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা গুম ও হত্যার শিকার হয়েছেন, তাদের স্মরণে নিজ নিজ এলাকায় অন্তত একটি করে প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা, এই জাদুঘর কোনো একক ব্যক্তি, দল বা গোষ্ঠীর রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। বরং এটি হবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার একটি নিরপেক্ষ স্মারক।
তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়; এর প্রকৃত নায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম, আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন। যেমন একাত্তরের মুক্তিযোদ্ধাদের জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তেমনি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগও জনগণ কখনো ভুলবে না।