ছবির ক্যাপশন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের স্থায়ী কমিটির সভা শেষে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়।
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বৃহস্পতিবার বিকেল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
এদিকে সংসদের বিরোধী দল হিসেবে থাকা ১১ দলীয় জোটও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ১১ দলীয় জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে অলি আহমদের মনোনয়নপত্র জমা দেন।
ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দুই পক্ষের প্রার্থীতা স্পষ্ট হলো। একদিকে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে বিরোধী ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। সব প্রক্রিয়া শেষে ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনী বিধি অনুযায়ী, একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিতে পারেন। তবে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একটি মনোনয়নপত্র চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার সংসদ সদস্যদের। ফলে সংসদে দলগুলোর আসনসংখ্যার ওপরই নির্বাচনের ফলাফল অনেকাংশে নির্ভর করবে। এখন মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্তভাবে কতজন প্রার্থী নির্বাচনে থাকছেন, সেটিই দেখার বিষয়।