ছবির ক্যাপশন: সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমপাড়ে শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
স্টেশন সূত্র জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শহীদ এম মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার কারণে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস যমুনা সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ স্টেশনে আটকা পড়েছে।
সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডব্লিউওআই) আহসানুর রহমান বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে রেললাইন সচল করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।