ছবির ক্যাপশন: রাষ্ট্রপতি হতে লাগে যেসব যোগ্যতা, ভোট হয় যেভাবে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।
মনোনয়নপত্র দাখিল: ১৩ আগস্ট, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে)
মনোনয়নপত্র বাছাই: ১৬ আগস্ট, সকাল ১০টা থেকে (ইসি ভবনে)
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ১৮ আগস্ট, বিকেল ৪টা
ভোটগ্রহণ: ২০ আগস্ট, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
সংবিধানের ৪৮(৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে—
বাংলাদেশের নাগরিক হতে হবে;
বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে;
জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে।
এ ছাড়া একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, একজন প্রার্থীর মনোনয়নপত্রে জাতীয় সংসদের একজন সদস্যকে প্রস্তাবক এবং আরেকজন সদস্যকে সমর্থক হতে হবে।
একজন সংসদ সদস্য একাধিক প্রার্থীর প্রস্তাবক বা সমর্থক হতে পারবেন না।
রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ ভোটারদের অংশগ্রহণের সুযোগ নেই। কেবল জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই এ নির্বাচনের ভোটার। অর্থাৎ সংসদ সদস্যদের ভোটেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
যদি একাধিক বৈধ প্রার্থী থাকেন, তাহলে জাতীয় সংসদ ভবনে গোপন ব্যালটে ভোটগ্রহণ হবে। উপস্থিত সংসদ সদস্যদের প্রদত্ত বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
তবে যাচাই-বাছাই শেষে যদি মাত্র একজন বৈধ প্রার্থী থাকেন, তাহলে কোনো ভোটগ্রহণ ছাড়াই রিটার্নিং কর্মকর্তা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন।