ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল ৫০৬ কোটি টাকা

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
মাগুরার এক গ্রাহকের হাতে এসেছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিদ্যুৎ বিল। অথচ পুরো মাসে ওই গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার হয়েছে মাত্র ২৩৫ ইউনিট। অস্বাভাবিক এই বিল দেখে বিস্মিত গ্রাহক ও তার পরিবারের সদস্যরা। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায়ও তৈরি হয় চাঞ্চল্য।

ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামে। অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে এমন অস্বাভাবিক হিসাব দেখানো হয়েছে।

বিলের তথ্য অনুযায়ী, ৮ আগস্ট মিটারের রিডিং ছিল ১৬০ ইউনিট। এক মাস পর ৮ সেপ্টেম্বর সেটি দাঁড়ায় ৩৯৫ ইউনিটে। অর্থাৎ ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ ২৩৫ ইউনিট।

কিন্তু এই ব্যবহারের বিপরীতে ডিমান্ড চার্জ দেখানো হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট এবং ১০ টাকা মিটার ভাড়া যোগ হয়ে মোট বিল দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।

নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ সেই অঙ্ক বেড়ে দাঁড়াবে ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা।

অথচ ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের স্বাভাবিক বিল হওয়ার কথা মাত্র ১ হাজার ৯৬৩ টাকা। বিলম্ব মাশুলসহ সেটি দাঁড়ানোর কথা ২ হাজার ৫৬ টাকা।

১০ সেপ্টেম্বর বিলটি ইস্যু করা হয়। আর পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ সেপ্টেম্বর। গ্রাহকের শ্রেণি হিসেবে বিলে উল্লেখ রয়েছে ‘এলটি-এ (আবাসিক)’।

এ বিষয়ে গ্রাহক আলেয়া খাতুন বলেন, এমন বিল দেখে তারা হতবাক। বিদ্যুৎ বিভাগের ভুলের কারণে গ্রাহককে অযথা দুশ্চিন্তা ও ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে বিলের এই অস্বাভাবিকতার কারণ ব্যাখ্যা করেছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি। আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম জানান, মিটার পরিবর্তনের সময় ভুল করে মিটারের সিল নম্বরের ডিজিটগুলো ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হয়ে যায়। আর এ কারণেই তৈরি হয়েছে এত বড় অঙ্কের বিল।

ভুলটি দ্রুত সংশোধন করে গ্রাহককে সঠিক বিল দেওয়া হবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ