ছবির ক্যাপশন: ৫ আগস্ট কী দিবস, জানেন না ন্যাশনাল লাইফের জোনাল ম্যানেজার
জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির দিনেও পিরোজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একটি জোনাল অফিস খোলা রেখে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে।
বুধবার (৫ আগস্ট) সকালে পিরোজপুর শহরের পোস্ট অফিস রোডে সোনালী ব্যাংকের সামনে অবস্থিত কোম্পানিটির জোনাল অফিসে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে স্বাভাবিকভাবে অফিসের কার্যক্রম পরিচালনা করছেন।
অফিসে কর্মরত কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশেই তারা অফিসে এসেছেন। তাদের ভাষ্য, নির্দেশনা অনুযায়ী তারা নিয়মিত দাপ্তরিক কাজ করছেন।
এ বিষয়ে জোনাল ম্যানেজার মো. হাসানুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি রাষ্ট্রীয়ভাবে ঘোষিত ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ সম্পর্কে স্পষ্টভাবে জানাতে পারেননি। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন যে, ৫ আগস্ট কী দিবস, তা তার জানা নেই।
সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, গত মাসের কিছু হিসাব-নিকাশের কাজ বাকি থাকায় সেগুলো সম্পন্ন করার জন্য অফিস খোলা রাখা হয়েছে। তবে সরকারি ছুটির দিনে অফিস চালু রাখা উচিত হয়নি বলেও তিনি স্বীকার করেন এবং এটিকে নিজের ভুল বলে উল্লেখ করেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। তাদের দাবি, রাষ্ট্রীয়ভাবে ঘোষিত সরকারি ছুটির দিনে কীভাবে একটি প্রতিষ্ঠানের জোনাল অফিসে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হলো, তা তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বিশেষ অনুমোদন বা নির্দেশনা ছিল কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এটি একটি রাষ্ট্রীয় কর্মসূচি এবং সবার তা অনুসরণ করা উচিত। কোনো প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা উপেক্ষা করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করলে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।