| বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স ও ডিজিটাল মার্কেটিং খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাদের বিজ্ঞাপন প্ল্যাটফর্মে পেমেন্ট পদ্ধতি হিসেবে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা বিকাশ যুক্ত করার উদ্যোগ নিয়েছে। এর ফলে ফেসবুকে বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক ক্রেডিট বা ডেবিট কার্ডের ওপর উদ্যোক্তাদের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।
সুবিধাটি এখনো সবার জন্য আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। তবে ইতোমধ্যে কিছু ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে বিকাশের মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে পেরেছেন। ব্যবহারকারীদের শেয়ার করা স্ক্রিনশটে ফেসবুক অ্যাডস ম্যানেজারের ‘পেমেন্ট পদ্ধতি যোগ করুন’ অপশনে ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের উপস্থিতিও দেখা গেছে।
এতদিন বাংলাদেশ থেকে ফেসবুকে বিজ্ঞাপন দিতে আন্তর্জাতিক কার্ড বা ডুয়াল-কারেন্সি সুবিধার প্রয়োজন হতো। এতে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের অনেকেই নানা জটিলতা ও অতিরিক্ত খরচের মুখে পড়তেন। বিকাশ পেমেন্ট সুবিধা পুরোপুরি চালু হলে স্থানীয়ভাবে সহজে বিজ্ঞাপনের খরচ পরিশোধের সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্টদের মতে, এ সুবিধা চালু হলে অনলাইন ব্যবসায়ীদের বিজ্ঞাপন দেওয়ার সুযোগ আরও সহজ হবে এবং দেশের ই-কমার্স ও এফ-কমার্স খাতে ডিজিটাল বিজ্ঞাপনের ব্যবহার বাড়তে পারে।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, মেটা নতুন পেমেন্ট সুবিধা সাধারণত ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে চালু করে। তাই সীমিতসংখ্যক ব্যবহারকারীর কাছে বর্তমানে ফিচারটি দেখা গেলেও পরীক্ষায় সফল হলে পর্যায়ক্রমে বাংলাদেশের সব ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত হতে পারে।