বাড়ি ফেরার আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। চলন্ত ট্রেনে মায়ের কোল থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছে ৯ মাস বয়সী এক শিশু। ঘটনার প্রায় ২৩ ঘণ্টা পর রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভারতের দিল্লির সীতাপুরীর বাসিন্দা মোহন কুমার স্ত্রী কাজল ও নয় মাসের সন্তানকে নিয়ে বিহারের বেগুসরাই জেলার সালৌনা গ্রামের উদ্দেশে রওনা হয়েছিলেন। আনন্দ বিহার থেকে ট্রেনে ওঠার পর এস-১ কোচের ৬১ ও ৬৪ নম্বর বার্থে ছিলেন তারা।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, যাত্রাপথে মোহন শৌচাগারে গেলে শিশুকে খাওয়াচ্ছিলেন কাজল। একপর্যায়ে সন্তানকে কোলে নিয়েই ঘুমিয়ে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, এ সময় ফয়জুল্লাহপুর স্টেশনের কাছাকাছি এলাকায় শিশুটি মায়ের কোল থেকে পিছলে গিয়ে ট্রেনের জরুরি বহির্গমন জানালা দিয়ে বাইরে পড়ে যায়।
স্বামী ফিরে এসে সন্তানকে দেখতে না পেয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে পুরো কোচে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্তান ট্রেন থেকে পড়ে যাওয়ার বিষয়টি বুঝতে পারেন মোহন।
তার দাবি, খাগা ও সিরাথুর মধ্যবর্তী এলাকায় ট্রেন থামানোর জন্য তিনি জরুরি চেন টানার চেষ্টা করেছিলেন। তবে সেখানে থাকা যাত্রী ও ট্রেনকর্মীরা তাকে বাধা দেন। এরপর ট্রেন প্রয়াগরাজে পৌঁছালে তিনি রেলপুলিশকে ঘটনাটি জানান।
খবর পেয়ে পুলিশ ও রেলপুলিশের একটি যৌথ দল রাতেই রেললাইনের আশপাশে শিশুটির সন্ধানে অভিযান শুরু করে। তবে ওই এলাকায় ঘন ঝোপঝাড় ও জমে থাকা পানির কারণে তল্লাশি চালাতে বেশ বেগ পেতে হয়।
অবশেষে প্রায় ২৩ ঘণ্টা পর ফয়জুল্লাহপুর স্টেশনের কাছাকাছি এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
জিআরপি এসপি প্রশান্ত কুমার জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে মায়ের কোল থেকে পিছলে জরুরি জানালা দিয়ে শিশুটি পড়ে গেছে বলেই ধারণা করা হচ্ছে।
মোহন জানান, প্রায় তিন বছর পর তারা গ্রামের বাড়িতে ফিরছিলেন। কিন্তু সেই যাত্রা আর আনন্দের হয়নি। ময়নাতদন্তের পর সন্তানের মরদেহ নিয়ে বিহারে না গিয়ে দিল্লিতে ফিরে যান শোকাহত বাবা-মা।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television