প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের (BIMSTEC) চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকের পর সাংবাদিকরা জানতে চান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কবে নাগাদ স্বাভাবিক হবে এবং প্রধানমন্ত্রীকে ভারত দুই দফা আমন্ত্রণ জানিয়েছে কি না।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি গণক নন যে কবে নাগাদ সম্পর্ক স্বাভাবিক হবে তা বলতে পারবেন। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বিমসটেকের জন্য আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়নি; বিমসটেকের চেয়ারপারসন হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিষয়টি আলাদাভাবে বোঝা প্রয়োজন।
খলিলুর রহমান বলেন, এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন, যা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার দিন হস্তান্তর করা হয়। ওই চিঠিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এ ছাড়া আরও একটি আমন্ত্রণ রয়েছে, যেটি সরকার পর্যালোচনা করবে।
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সোমবারের বৈঠকে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখনো এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত নিইনি।’
এদিকে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের প্রত্যর্পণের বিষয়েও ভারতকে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।
খলিলুর রহমান বলেন, এ বিষয়ে ভারত যেসব কাগজপত্র চেয়েছিল, সেগুলো বাংলাদেশ থেকে সরবরাহ করা হয়েছে।
দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠকে গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, বৈঠকটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ। একজন হাইকমিশনারের সঙ্গে সরকারপ্রধানের বৈঠকে সাধারণত চুক্তি বা এ ধরনের সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় না।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television