রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রোববার রাতেই বিমানবন্দর থানায় ৬ থেকে ৭ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন পেট্রোল পাম্পটির ম্যানেজার মো. আব্দুল করিম। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ড ভ্যানচালক খোরশেদ টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। পথে ক্রাউন প্লাজার সামনে তিনটি মোটরসাইকেলে করে আসা ৬ থেকে ৭ জন তাদের কাভার্ড ভ্যানের গতিরোধ করে।
এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তারা আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। আহত আল আমিনকে স্থানীয়দের সহায়তায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিএল পেট্রোল পাম্পটির মালিক ইয়াছিন মোহাম্মদ বি আজিম খান ও তাসীন আক্তার হক। পাম্পের ম্যানেজারের দাবি, তাসীন আক্তার হক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাই। তাঁর মা প্রয়াত খুরশীদ জাহান হক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সেখানে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার লেনদেন হয়। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় দুই দিনের বিক্রির টাকা রোববার একসঙ্গে ব্যাংকে জমা দিতে নেওয়া হচ্ছিল।
তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, প্রতিদিন নির্দিষ্ট সময়ে পাম্পের টাকা ব্যাংকে নেওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জানত। ফলে ঘটনার সঙ্গে অভ্যন্তরীণ কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ জানিয়েছেন, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television