অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে তার পদত্যাগের বিষয়টি অবহিত করে আসনটি শূন্য ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে ই-মেইলের মাধ্যমে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান ওসমান ফারুক। ওই পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাবেক এই শিক্ষামন্ত্রী। সেখান থেকেই পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওসমান ফারুক। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে ১৯৬৩ সালে মার্কিন সরকারের বেসামরিক বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএইডের ফেলোশিপ কর্মসূচিতে অংশ নেন তিনি। ১৯৬৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পরবর্তী সময়ে ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন ওসমান ফারুক।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television