ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘সানাম তেরি কাসাম ২’ নির্মাণের আবদার, নায়ককে সাড়ে ৩ কোটি রুপির গাড়ি উপহার

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
বলিউড অভিনেতা হর্ষবর্ধন রানেকে বিলাসবহুল ল্যান্ড রোভার ডিফেন্ডার অক্টা গাড়ি উপহার দিয়েছেন ‘সানাম তেরি কাসাম’ সিনেমার প্রযোজক দীপক মুকুট। উপহার হিসেবে পাওয়া গাড়িটির মূল্য ভারতে সাড়ে ৩ কোটি রুপিরও বেশি। আর এই উপহার পেয়ে প্রযোজকের কাছে অভিনেতার বিশেষ আবদার—নির্মাণ করতে হবে সিনেমাটির দ্বিতীয় কিস্তি।

২০১৬ সালে মুক্তি পাওয়া ‘সানাম তেরি কাসাম’ সিনেমায় ইন্দার চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন হর্ষবর্ধন রানে। রাধিকা রাও ও বিনয় সাপ্রু পরিচালিত ছবিটিতে সারু চরিত্রে অভিনয় করেন মাওরা হোসেন। মুক্তির সময় বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও পরবর্তী সময়ে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে সিনেমাটি।

মুক্তির শুরুতে ভারতে ছবিটির আয় ছিল প্রায় ৮ কোটি রুপি। তবে ডিজিটাল প্ল্যাটফর্মে আসার পর এর গল্প, গান ও দুই অভিনয়শিল্পীর রসায়ন নতুন করে দর্শকদের আকৃষ্ট করে। একপর্যায়ে সিনেমাটি কাল্ট চলচ্চিত্রের মর্যাদা পায়।

২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পায় ‘সানাম তেরি কাসাম’। দ্বিতীয়বার মুক্তির পর দর্শকদের ব্যাপক সাড়া পায় ছবিটি। প্রথম দিনেই ভারতে আয় করে প্রায় ৪ কোটি ২৫ লাখ রুপি। পুনর্মুক্তির পর দেশটিতে সিনেমাটির মোট আয় ৪২ কোটি রুপি ছাড়িয়ে যায়। বিশ্বব্যাপী আয় দাঁড়ায় প্রায় ৫৪ কোটি রুপি।

সিনেমাটির এই অভাবনীয় সাফল্যে সন্তুষ্ট হয়ে হর্ষবর্ধনকে বিশেষ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রযোজক দীপক মুকুট। সম্প্রতি সেই প্রতিশ্রুতি পূরণ করে অভিনেতার হাতে তুলে দিয়েছেন বিলাসবহুল ল্যান্ড রোভার ডিফেন্ডার অক্টা গাড়ি।

সামাজিক যোগাযোগমাধ্যমে গাড়িটির ছবি প্রকাশ করে হর্ষবর্ধনের প্রতি কৃতজ্ঞতা জানান দীপক মুকুট। সিনেমাটির সাফল্যে অভিনেতার অবদানের স্বীকৃতি হিসেবেই প্রতিশ্রুতি অনুযায়ী এই উপহার দিয়েছেন বলে জানান তিনি।

এদিকে গাড়ি উপহার পেয়ে আনন্দ প্রকাশের পাশাপাশি প্রযোজকের কাছে নতুন একটি দাবি জানিয়েছেন হর্ষবর্ধন। তার চাওয়া, এবার যেন ‘সানাম তেরি কাসাম’-এর দ্বিতীয় পর্ব নির্মাণ করা হয়। আগামী মাসে নিজের জন্মদিনে ভক্তদের নিয়ে প্রযোজকের কার্যালয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

সিক্যুয়েলের চিত্রনাট্য তৈরি ও পরিচালক নির্বাচনের দায়িত্ব প্রযোজকের ওপর ছেড়ে দিয়েছেন অভিনেতা। তবে ‘সানাম তেরি কাসাম ২’ নির্মাণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কবে শুটিং শুরু হবে কিংবা সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

তবে হর্ষবর্ধনের এই আবদারে নতুন করে আলোচনায় এসেছে জনপ্রিয় প্রেমের সিনেমাটির সিক্যুয়েল। ইন্দার ও সারুর গল্প আবারও বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ