ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশ থেকে শাকিল নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা সানমুড়া সীমান্ত এলাকায় মরদেহটি দেখতে পান।
নিহত শাকিল আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাপুর পূর্বপাড়া গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের ভাষ্য অনুযায়ী, শাকিল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
বিজিবি সূত্র জানায়, সীমান্তের ২০২২-৯এস পিলারের কাছে কাঁটাতারের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে বিজিবি সদস্যদের পাশাপাশি আখাউড়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ শুরু হয়।
২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, শাকিলের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে। রোববার (২০ সেপ্টেম্বর) যেকোনো সময় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তরের সম্ভাবনা রয়েছে।
তবে শাকিল কীভাবে সীমান্তের ওই এলাকায় পৌঁছেছিলেন এবং কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television