ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার সকাল থেকেই গাজীপুর, সাভার, আশুলিয়া ও রাজধানীর মিরপুরে বিক্ষোভ করছেন শ্রমিকরা। একই দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কও অবরোধ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। চলমান অস্থিরতার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবারও প্রায় ২১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে প্রায় ২১০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে ১৫০টি এবং সাভার-আশুলিয়া অঞ্চলে প্রায় ৬০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে বন্ধ কারখানার সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, সোমবার ১৫০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছে।
সকাল থেকেই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পাশাপাশি কোনাবাড়ী, সফিপুর ও মৌচাক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরাও মহাসড়কের একাধিক স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
অন্যদিকে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলেও শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল থেকে শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভের মধ্যে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
সংঘর্ষের পর শিল্পাঞ্চলের অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কয়েকটি কারখানার শ্রমিক কাজ বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
এদিকে রাজধানীর মিরপুরেও পোশাক শ্রমিকদের অবস্থান অব্যাহত রয়েছে। মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত প্রধান সড়কে শ্রমিকদের উপস্থিতি থাকলেও সোমবার সেখানে নতুন করে সড়ক অবরোধ হয়নি। ফলে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। মিরপুর-১০ এলাকা থেকে একজনকে এবং কাফরুল থানা পুলিশ আরও পাঁচজনকে আটক করেছে বলে জানা গেছে। সকালে মিরপুর-১১ এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
*সীমান্তের ওপারের ইশারায় অস্থিতিশীলতার অভিযোগ*
চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে সোমবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্প মালিকদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠক শেষে তিনি অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনের আড়ালে সীমান্তের ওপারের ইশারায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কেউ দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও জীবনমান উন্নয়নের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে বাস্তবতা বিবেচনায় ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এদিকে চলমান আন্দোলন এবং ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে আলোচনার জন্য বিকেলে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার।
*পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত*
শ্রমিক অসন্তোষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে বাধ্য হওয়ার কথা জানিয়েছেন পোশাকশিল্পের মালিকরা।
রোববার বিজিএমইএর উত্তরা কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান জানান, নতুন করে মজুরি বোর্ড গঠন করা হলেও শ্রমিকরা কাজে যোগ না দিলে প্রতিদিন কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখার সুযোগ রয়েছে।
তিনি আরও জানান, শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় রোববার ৫২৯টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হয়নি।
সব মিলিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দেশের প্রধান পোশাকশিল্প অঞ্চলগুলোতে অস্থিরতা বাড়ছে। এতে উৎপাদন, রপ্তানি ও শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television