ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আজ প্রবল বৃষ্টিতে প্লাবিত মিরপুর

Deleted
নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
মডার্ন টেলিভিশন ডেস্ক: রাজধানীতে টানা কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে মিরপুরের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

রোববার (১২ জুলাই) সকাল থেকে শুরু হওয়া টানা বর্ষণে মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া, মিরপুর ১০, ১১, ১৩ ও ১৪ নম্বর সেকশনসহ আশপাশের অধিকাংশ সড়কে পানি জমে যায়। কোথাও হাঁটু, আবার কোথাও কোমরসমান পানি জমে থাকায় স্বাভাবিক চলাচল কার্যত ব্যাহত হয়।

মডার্ন টেলিভিশনের সরেজমিন পর্যবেক্ষণে দেখা গেছে, অনেক পথচারী জুতা হাতে নিয়ে ও কাপড় গুটিয়ে ময়লা পানির মধ্য দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে যানবাহনের সংকট দেখা দেওয়ায় রিকশা ও সিএনজি চালকদের অতিরিক্ত ভাড়া দাবি করতেও দেখা গেছে।

এদিকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকলেও স্টেশন থেকে বের হওয়ার পরই যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। শেওড়াপাড়া, কাজীপাড়া এবং মিরপুর-১০ মেট্রো স্টেশনের নিচের অংশে পানি জমে যাওয়ায় সিঁড়ি ও প্রবেশপথ ব্যবহার করতে চরম অসুবিধার মুখোমুখি হন যাত্রীরা। অনেককে দীর্ঘ সময় স্টেশনের ভেতরে কিংবা ফুটওভার ব্রিজে অপেক্ষা করতে দেখা যায়।

সড়কে জমে থাকা পানির কারণে গর্ত ও ম্যানহোল শনাক্ত করা কঠিন হয়ে পড়ায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। বেশ কয়েকটি রিকশা ও মোটরসাইকেল দুর্ঘটনার পাশাপাশি পানিতে ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে আটকে পড়ে ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা। এর প্রভাবে মিরপুর-১০ থেকে আগারগাঁও পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার প্রভাব আশপাশের বিভিন্ন সড়কেও ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, শেওড়াপাড়া ও কাজীপাড়ার অভ্যন্তরীণ সড়কগুলোর পরিস্থিতি আরও নাজুক। নিচু এলাকার বহু বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য ভারী বৃষ্টিতেই মিরপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। তাদের দাবি, মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ হলেও এলাকার ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী উন্নয়ন এখনো বাস্তবায়িত হয়নি। এ অবস্থার দ্রুত সমাধানে সিটি কর্পোরেশন, ওয়াসাসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

এরই মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বৃষ্টির মধ্যেই ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন। পানি দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ