নিজস্ব প্রতিবেদক | মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৮ বোতল ফেন্সিডিল ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম। ডিবির দুটি পৃথক টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টা ৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বিআরটিএর মূল ফটকের সামনে অভিযান চালিয়ে মো. ইউসুফ হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এরপর শুক্রবার রাত ১টা ৩০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. সজিব খান (৩০) ও মো. সোহান (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television