মডার্ন টেলিভিশন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে দলীয় নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৬ জুন) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির স্বাক্ষরিত পৃথক নোটিশ সংশ্লিষ্ট দলগুলোর কাছে পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
শোকজ পাওয়া দলগুলো হলো, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) এবং আমজনতার দল।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পরদিন রাতে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। এ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।
প্রচলিত নির্বাচনী বিধান অনুযায়ী, ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ব্যয়ের বিস্তারিত হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। সে অনুযায়ী, গত ১৩ মে ছিল হিসাব দাখিলের শেষ দিন।
নির্ধারিত সময়ের মধ্যে জামায়াতে ইসলামিসহ ২৭টি দল ব্যয়ের হিসাব জমা দেয়। পরে কমিশন আরও সময় বাড়িয়ে ১৪ জুন পর্যন্ত সুযোগ দিলে বিএনপিসহ ১৬টি দল প্রয়োজনীয় নথিপত্র জমা দেয়। তবে এনসিপিসহ সাতটি দল অতিরিক্ত সময় পেয়েও ব্যয়ের বিবরণী দাখিল করেনি।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক। আইন অনুসারে সময়মতো হিসাব জমা না দিলে নির্বাচন কমিশন ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে অতিরিক্ত সময় দিতে পারে।
এছাড়া নির্ধারিত নির্দেশনা অনুসরণ না করলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের মতো ব্যবস্থা গ্রহণের সুযোগও রয়েছে বলে আইনে উল্লেখ আছে।
শোকজ নোটিশে দলগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ এবং দ্রুত নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হবে না। এ বিষয়ে অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিত জবাব পাঠাতে বলা হয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television