প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভা ১৮০ দিনের মেয়াদ পূর্ণ করেছে। এর মধ্যেই মন্ত্রিসভা সম্প্রসারণ ও কয়েকজন মন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টনের আলোচনা সামনে আসে। এবার জানা গেছে, শুক্রবার রাতেই নতুন চার সদস্য মন্ত্রিসভায় যোগ দিতে পারেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন চারজনের মধ্যে তিনজন পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়াতে পারেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, পূর্ণমন্ত্রী হিসেবে শপথের জন্য আলোচনায় থাকা ব্যক্তিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ নেতা আব্দুল মঈন খান, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরি এবং বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক বিজেপির সভাপতি আন্দালিভ রহমান পার্থ।
অন্যদিকে, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হতে পারে।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বেসামরিক ও সামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
নতুন সদস্যরা মন্ত্রিসভায় যোগ দেওয়ার পর বর্তমান মন্ত্রীদের দপ্তরেও পরিবর্তন আসতে পারে। অর্থাৎ, মন্ত্রিসভা সম্প্রসারণের পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের সম্ভাবনাও রয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television