ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত
রবিবার (৯ আগস্ট) সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনকে আদালতে হাজির করা হলে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ তথ্য জানান।
পিপি ওমর ফারুক ফারুকী বলেন, মামলার আসামি রিজভী আহমেদ অন্য একটি হত্যাচেষ্টা মামলায় দেওয়া স্বীকারোক্তিতে বিষয়টি উল্লেখ করেছেন। ওই স্বীকারোক্তিতে দাবি করা হয়েছে, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে সালমান শাহকে হত্যার জন্য ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করা হয়েছিল বলে রিজভী আহমেদ স্বীকারোক্তিতে উল্লেখ করেছেন।
তবে আদালতে ডনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি আশরাফুল হক ডন। রবিবার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়।
বিকেলে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক আরিফুর রহমান। আবেদনে বলা হয়, আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে এনে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি তার পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে।
রাষ্ট্রপক্ষে আবেদনের ওপর শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারভুক্ত অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।
প্রায় তিন দশক পর সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হিসেবে তদন্ত এগিয়ে চলার মধ্যে ডনের গ্রেপ্তার এবং আদালতে রাষ্ট্রপক্ষের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।