আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই দেশে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে সৌরবিদ্যুৎ খাতে নীতিগত সহায়তা, বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা এবং আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশার কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনার বিষয় নয়, বরং দেশের ভবিষ্যৎ জ্বালানি ব্যবস্থার অপরিহার্য অংশ হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, যথাযথ পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ও কার্যকর নীতিমালার সমন্বয় ঘটানো গেলে তুলনামূলক কম খরচে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব। এ জন্য বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণ এবং নতুন বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সৌরবিদ্যুৎ খাতের সম্প্রসারণে বিদ্যমান আইনি ও নীতিগত জটিলতা কমানোর পাশাপাশি অর্থায়নের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ যাতে অর্থের অভাবে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ খাতে প্রায় ৫০০ কোটি টাকা বাজেট বরাদ্দসহ ধাপে ধাপে আরও অর্থের সংস্থান করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা তুলে ধরে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪১ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাত ও সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিভিন্ন দেশে যুদ্ধ ও সংঘাতের কারণে জ্বালানি আমদানি এবং সরবরাহের ব্যয় বেড়েছে। এর প্রভাব থেকে দেশের মানুষকে সুরক্ষা দেওয়া এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি জানান, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে জ্বালানির পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত করা, গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়ানো, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং জ্বালানির বিকল্প উৎস তৈরিতে কাজ চলছে।
প্রধানমন্ত্রী বলেন, বাড়তে থাকা বিদ্যুতের চাহিদা মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে সহজ প্রক্রিয়া, সাশ্রয়ী বিনিয়োগ এবং পর্যাপ্ত অর্থায়নের ব্যবস্থা করতে সরকার কাজ করছে। সরকারি-বেসরকারি অংশীদারত্ব ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television