নেত্রকোনার সদর উপজেলায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে সাদিয়া আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি নিজেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আটক সাদিয়া আক্তার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয়দের অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে সাদিয়া কয়েকজনের কাছ থেকে তিন হাজার টাকা করে নেন। পরে মঙ্গলবার আবারও টাকা সংগ্রহ করতে এলাকায় গেলে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদিয়া আক্তারকে থানায় নিয়ে যায়।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সাদিয়া আক্তারকে থানায় আনা হয়েছে। অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে সাদিয়া কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television