ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকদের সোনার আংটি উপহার দেবে বিজয় সরকার

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
ছবির ক্যাপশন: তামিলনাড়ু রাজ্যের বিধানসভায় বক্তৃতা করছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ছবি: এএনআই ছবির ক্যাপশন: তামিলনাড়ু রাজ্যের বিধানসভায় বক্তৃতা করছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ছবি: এএনআই
ad728
মডার্ন টেলিভিশন ডেস্ক : দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের ঘোষিত এই উদ্যোগের নাম ‘থাই মামান গোল্ড রিং স্কিম’, যা ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সরকারি সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়নে বছরে প্রায় ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি ব্যয় হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ২২ জুন, মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকেরা এই সুবিধার আওতায় আসবে। তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর, দ্রাবিড় নেতা পেরারিঞার আন্নার জন্মবার্ষিকীতে।

সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তামিল সংস্কৃতির ঐতিহ্যবাহী ‘থাই মামান সির’ প্রথা থেকে এই কর্মসূচির অনুপ্রেরণা নেওয়া হয়েছে। ওই রীতিতে নবজাতককে আশীর্বাদ ও উপহার দিয়ে থাকেন শিশুর মামা। নতুন এই প্রকল্পে সরকার প্রতীকীভাবে সেই ভূমিকা পালন করবে এবং নবজাতকদের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা ও রাষ্ট্রের দায়বদ্ধতার প্রতীক হিসেবে সোনার আংটি উপহার দেবে।

সরকারের মতে, এই উদ্যোগ একদিকে যেমন তামিল সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরবে, অন্যদিকে নবজাতক ও তাদের পরিবারের প্রতি সরকারের সহমর্মিতা ও কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন ঘটাবে।

উল্লেখ্য, ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ ছিল বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাঝাগম (টিভিকে)-এর অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। এছাড়া সরকারের ‘ভেত্রি তামিলাগাম ভিশন ডকুমেন্ট’-এও এই কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে নেতাদের জন্মদিন উপলক্ষে সীমিত পরিসরে নবজাতকদের সোনার আংটি উপহার দেওয়ার নজির থাকলেও, প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগকে পূর্ণাঙ্গ সরকারি কল্যাণমূলক প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে।

তথ্যসূত্র : এনডিটিভি

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ