সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কেউ চাকরিরত অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। সরকারের প্রতিটি পর্যায়ে এ বিষয়ে সর্বোচ্চ নজরদারি চলছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।
সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অনেক মানুষ দলটির সঙ্গে যুক্ত ছিলেন। এটি নিজে কোনো সমস্যা নয়। তবে প্রজাতন্ত্রের কর্মচারীরা দায়িত্ব পালনরত অবস্থায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলে তা গুরুতর বিষয়। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি আরও বলেন, সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সক্ষম হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে উপদেষ্টা জানান, দলটির নামে যেকোনো কর্মসূচি বেআইনি। গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। অস্ত্র হাতে যাদের ছবি ও ভিডিও ফুটেজ পাওয়া গেছে, তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।
তিনি বলেন, যৌথবাহিনী ইতোমধ্যে সেখানে অভিযান পরিচালনা করছে। ফুটেজে যাদের দেখা গেছে, তাদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে।
পুলিশের বলপ্রয়োগের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বলপ্রয়োগের অধিকার রয়েছে। তবে পরিস্থিতির তুলনায় অতিরিক্ত বলপ্রয়োগ করা যাবে না। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এমন ঘটনার পুনরাবৃত্তি চায় না।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television