ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যবসায়িক সেবা পেতে ৫৫ দিনের অপেক্ষা কমিয়ে ১৪ দিন করতে চায় সরকার

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
দেশে ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া সহজ করতে সরকারি সেবা প্রদানের সময় উল্লেখযোগ্যভাবে কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পেতে বর্তমানে ৫০ থেকে ৫৫ দিন কিংবা তারও বেশি সময় লাগে। এই সময়সীমা কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনতে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং ওয়ান-স্টপ সার্ভিস কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি হিসেবে আগামী তিন বছরের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের উদ্যোগ চলছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে মন্ত্রী জানান, ব্যবসা পরিচালনার বিভিন্ন অনুমোদন ও সনদ পাওয়ার প্রক্রিয়া সহজ করতে ডিজিটাল ব্যবস্থা চালুর কাজ চলছে। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বর্তমানে ৫০ থেকে ৫৫ দিন বা তার বেশি সময় লাগা সেবাগুলো ১৪ দিনের মধ্যে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যবসায়ীদের সময় ও খরচ কমার পাশাপাশি দেশে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হবে।

*রপ্তানি খাতে নতুন শিল্পের সম্ভাবনা*

বৈঠকে তৈরি পোশাকের ওপর রপ্তানি নির্ভরতা কমিয়ে নতুন নতুন শিল্প খাত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করছে।

চামড়া শিল্পের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সাভার চামড়াশিল্প নগরীর পরিবেশগত মান উন্নয়ন ও কমপ্লায়েন্স নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা বাড়াতে লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের প্রচেষ্টাও চলছে।

এ ছাড়া দেশের স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে আগামী কয়েক বছরের মধ্যে স্বর্ণালঙ্কার রপ্তানির উপযোগী শিল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

*বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা*

রপ্তানি বাজার সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।

জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা চলছে।

পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য জোট রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়ার তথ্যও বৈঠকে তুলে ধরা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনায় উন্নয়ন প্রকল্পের পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতা দূর করা, প্রকল্প পরিচালকদের দক্ষতা বাড়ানো এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের বিষয়ও রয়েছে।

*সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংকের*

বৈঠকে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ নিয়ে গবেষণায় সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক।

সংস্থাটির ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বলেন, বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল শিল্পের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি যৌথভাবে কাজ করতে আগ্রহী।

বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণের আগে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা কমানো এবং বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত হতে পারলে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনায় বাংলাদেশের কর্মকর্তাদের দরকষাকষির সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।

অন্যদিকে বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি বলেন, প্যারা-ট্যারিফ ও সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কার বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাণিজ্যনীতি ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন করা গেলে রপ্তানি আয় এবং কর্মসংস্থান বৃদ্ধির বড় সুযোগ তৈরি হতে পারে।

বৈঠকে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমদ উল্লাহ, খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ