ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
নূর জাহান কলেজটির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের ছাত্রী ছিলেন। তার স্বামী জোবায়ের হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগাড়া গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, প্রায় দেড় বছর আগে জোবায়ের হোসেনের সঙ্গে নূর জাহানের বিয়ে হয়। আগামী মাসে তাদের প্রথম সন্তানের জন্মের কথা ছিল। তবে তার আগেই ডেঙ্গু কেড়ে নিল নূর জাহানের প্রাণ।
স্বামী জোবায়ের হোসেন জানান, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) নূর জাহানের জ্বর আসে। এরপর একে একে বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয়। প্রথমে কুমিল্লায় তার চিকিৎসা করানো হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
নূর জাহানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, নূর জাহান অত্যন্ত ভদ্র ও ভালো ছাত্রী ছিলেন। পড়াশোনার পাশাপাশি বিভাগের বিভিন্ন আয়োজনেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল। তার অকাল মৃত্যুতে বিভাগের সবাই গভীরভাবে শোকাহত।
তিনি আরও জানান, বুধবার বাদ জোহর নূর জাহানের গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভুইয়া বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। কলেজ পরিবারের পক্ষ থেকে নূর জাহানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television