রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে হাসি বেগম নামে এক যৌনকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যৌনপল্লীর একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হাসি বেগম ওই যৌনপল্লীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা হাসি বেগমকে মারধর করে গুরুতর আহত অবস্থায় সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে একই বাড়ির অন্য ভাড়াটিয়ারা রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে হাসি বেগমকে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television