ছবির ক্যাপশন: সংগৃহীত
বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ই-রিকশা ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সভায় এ উদ্যোগের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, অনুমোদন পাওয়া অটোরিকশা বা যন্ত্রচালিত রিকশা ইচ্ছেমতো কারখানায় তৈরি করা যাবে না। ঢাকা শহরের জন্য নির্ধারিত কিছু কারখানা ঠিক করে দেওয়া হবে। এসব কারখানায় রিকশা উৎপাদনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
সভায় নগর ব্যবস্থাপনা, যান চলাচলে শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় ব্যাটারিচালিত ই-রিকশা ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। অংশীজনরা বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর আলোকে ই-রিকশা ব্যবস্থাপনার জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।
তিনি বলেন, নীতিমালা সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন চালু করা হলে ই-রিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে।