আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তা, জনসমর্থন ও বিজয়ের সম্ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য উপযুক্ত প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
সোমবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রিজভী জানান, স্থানীয় পর্যায়ে সাংগঠনিক আলোচনার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। যাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বেশি এবং নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, তাঁকেই দলীয় মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। ভোটগ্রহণ ও মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সূচি প্রকাশিত হলে সেই অনুযায়ী দলের পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সময় চলমান শ্রমিক আন্দোলনকে ঘিরে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তাঁর দাবি, দেশের ভেতরে ও বাইরে থেকে কিছু পক্ষ নতুন সরকারকে বিব্রত ও অস্থিতিশীল করার উদ্দেশ্যে নানা ধরনের উসকানি এবং অপপ্রচার চালাচ্ছে।
রিজভী বলেন, পরাজিত শক্তির একটি অংশ প্রতিবেশী দেশ থেকে উসকানি দিচ্ছে। পাশাপাশি দেশের অভ্যন্তরেও কয়েকটি রাজনৈতিক শক্তি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত করতে সরকার কাজ করছে।
মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও আব্দুল মালিক চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television