ছবির ক্যাপশন: সংগৃহীত
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি কতদূর এগিয়েছে এবং কমিশনের বর্তমান অবস্থান কী—এসব বিষয়ে জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা ও নির্বাচন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের। মাঠপর্যায়ের সব নির্বাচন কার্যক্রমও কমিশনের তত্ত্বাবধানে সম্পন্ন হবে।
মীর শাহে আলম জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তাদের মন্ত্রণালয়ের আওতাধীন হওয়ায় নির্বাচনসংক্রান্ত ব্যয়, বিভিন্ন প্রশাসনিক সহায়তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়গুলোতে মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
নির্বাচনের তফসিল নিয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিল ঘোষণার বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে কমিশনের প্রস্তুতির বর্তমান অবস্থা সম্পর্কে জানার পরই এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
প্রতিমন্ত্রী আরও জানান, নির্বাচন কমিশনকে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য বলা হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বরাদ্দ রাখা হয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় করার পরিকল্পনা রয়েছে।