প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2026 ইং
মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরসহ সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভে নেমেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে সড়ক ও মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যান তারা। এ সময় কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন এলাকায় শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর, ঢাকা-আরিচা, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
রাজধানীর পল্লবী থানার সেকশন-৭ এলাকায় কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে যান। তবে এক হাজারের বেশি শ্রমিক পল্লবী ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অবরোধে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে সাভারের হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কের পদ্মার মোড়ে অবরোধের চেষ্টা করেন আন্দোলনরত শ্রমিকরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনার পর ওই এলাকার কয়েকটি পোশাক কারখানায় দিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
একই দাবিতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
অন্যদিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। একই সঙ্গে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
এদিকে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান