প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2026 ইং
মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরসহ সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলনকে কেন্দ্র করে কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন সড়ক ও মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে মিরপুর, ঢাকা-আরিচা, ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
রাজধানীর পল্লবী থানার সেকশন-৭ এলাকায় কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে যান। তবে এক হাজারের বেশি শ্রমিক পল্লবী ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। তাদের অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে সাভারের হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কের পদ্মার মোড়ে অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর ওই এলাকার কয়েকটি পোশাক কারখানায় দিনের জন্য ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ।
একই দাবিতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
অন্যদিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। পাশাপাশি যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
এদিকে শ্রমিকদের চলমান আন্দোলনকে ঘিরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান