প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 15, 2026 ইং
সাভার-আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, গাজীপুরে বন্ধ ১৩টি*

শ্রমিক অসন্তোষ ও চলমান আন্দোলনের প্রভাবে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ৫০টিরও বেশি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। একই পরিস্থিতিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আরও পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি দেওয়া হয়েছে।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সাভার ও আশুলিয়ায় বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে ৩৬টি বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায়, ১৪টি অনির্দিষ্টকালের জন্য এবং পাঁচটি মৌখিক নির্দেশনায় বন্ধ রাখা হয়েছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, বিভিন্ন কারণে অর্ধশতাধিক কারখানা বন্ধ থাকলেও শিল্পাঞ্চলের সামগ্রিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন। কয়েকটি কারখানায় শ্রমিকরা উপস্থিত হলেও কাজে অংশ না নিয়ে কর্মবিরতি পালন করেন। তবে এরই মধ্যে কিছু কারখানায় উৎপাদন কার্যক্রম আবার শুরু হয়েছে।
রবিবার সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চল ঘুরে দেখা গেছে, অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়েই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
অন্যদিকে, গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বিজিবির ১৩ প্লাটুন, আনসারের পাঁচ প্লাটুন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আট প্লাটুন সদস্য রয়েছেন।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন পোশাকশ্রমিকরা।
রবিবার সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে প্রায় ৩০ মিনিট পর তারা সেখান থেকে সরে যান। এ ছাড়া কোনাবাড়ী ও জরুন এলাকাতেও শ্রমিকদের বিচ্ছিন্ন অবস্থানের খবর পাওয়া গেছে।
এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ, মৌচাক ও কোনাবাড়ী এলাকার ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মৌচাক, কোনাবাড়ী ও জরুন এলাকার আরও পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর জেলার প্রায় ২ হাজার ৩০০টি পোশাক কারখানার মধ্যে বন্ধ ও ছুটির আওতায় থাকা ১৮টি বাদে বাকি কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন চলছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিকদের ধারাবাহিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে শ্রম আইন অনুসরণ করে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে যেকোনো সময় কারখানাগুলো পুনরায় চালু করা সম্ভব।
তিনি আরও বলেন, শিল্পাঞ্চলে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং কারখানার সম্পদ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান