প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2026 ইং
বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তির আশ্রয় নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের চলমান কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার পাসপোর্ট দেওয়ার অনুরোধ জানিয়ে করা একটি আবেদনের বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে চায়। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার ক্ষেত্রে কিছু মৌলিক মানবাধিকার কার্যকর না থাকার বিধান সংবিধানে রয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য আবেদন করেননি। একটি আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। পাসপোর্ট চাওয়ার বিষয়টি তার কোনো কৌশল কি না, সরকার তা খতিয়ে দেখবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে ডা. জাহেদ উর রহমান বলেন, এ ক্ষেত্রে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।
এদিকে, পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে তথ্য উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেন তিনি। এসব ঘটনার পেছনে অর্থায়ন অব্যাহত রয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনবে সরকার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান