প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2026 ইং
সোমবার বসছে সংসদের চতুর্থ অধিবেশন, আলোচনায় আসতে পারে ৬টি বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৯ নভেম্বর)। বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবনে এ অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে আহ্বান করা এই অধিবেশনে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপন ও সেগুলোর ওপর আলোচনা হতে পারে।
গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। এরই মধ্যে অধিবেশন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় সংসদ সচিবালয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ২০ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলতে পারে। তবে কার্যদিবসের সংখ্যা ও বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত হবে অধিবেশন শুরুর দিন অনুষ্ঠিতব্য কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল আসার সম্ভাবনা রয়েছে। এসব বিলের ওপর সংসদে আলোচনা অনুষ্ঠিত হবে।
মূলত আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের সময়সীমা সীমিত রাখা হচ্ছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি বছরের জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। সে হিসাবে ২০২৭ সালের প্রথম অধিবেশন জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হতে পারে।
এদিকে, অধিবেশনে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সংসদ সদস্যদের প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং বিভিন্ন বিষয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে চলমান কোনো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনার প্রস্তাব দেওয়া হলে সেটিও আলোচনার জন্য সময় নির্ধারণ করা হতে পারে।
তবে আলোচনার কেন্দ্রে থাকা সংবিধান সংশোধনের প্রস্তাব এবারের অধিবেশনে উত্থাপিত হচ্ছে না। এ বিষয়ে সংবিধান সংশোধন বিশেষ কমিটি এখনো প্রস্তাব তৈরির কাজ করছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী জানুয়ারিতে সংসদের পঞ্চম অধিবেশনে সংশোধনী প্রস্তাবটি উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান