
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
তিনি বলেছেন, নারীর প্রকৃত অগ্রগতি কেবল কতজন নারী শীর্ষ পর্যায়ে পৌঁছেছেন, তা দিয়ে বিবেচনা করা যায় না। বরং তাদের অনুসরণ করে আরও কত নারী এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন এবং সমাজ ও কর্মক্ষেত্রে তাদের নেতৃত্ব কতটা ইতিবাচক পরিবর্তন আনছে, সেটিই গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ওম্যান লিডারশিপ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী ৩০তম ইউএস ট্রেড শোর অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
বক্তব্যে জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ৫০ দশমিক ৮ শতাংশ নারী হলেও নানা প্রতিবন্ধকতার কারণে বিপুলসংখ্যক নারী এখনো অর্থনীতির মূলধারায় যুক্ত হতে পারছেন না। বাল্যবিয়ে, শিক্ষার সীমাবদ্ধতা এবং পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাব নারীদের অগ্রগতির পথে বড় বাধা।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ২০২৫ সালের তথ্য তুলে ধরে তিনি জানান, বাংলাদেশে শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণের হার ৩৮ দশমিক ৬ শতাংশ। বিপরীতে পুরুষদের অংশগ্রহণের হার ৮০ দশমিক ৪ শতাংশ।
শিক্ষাক্ষেত্রে নারীদের ঝরে পড়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ব্যানবেইসের ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ে ৩৪ দশমিক ৯ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে ২২ দশমিক ৫ শতাংশ ছাত্রী ঝরে পড়ে। উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণের হার মাত্র ২০ দশমিক ৮ শতাংশ। তাই শিক্ষা থেকে কর্মসংস্থান পর্যন্ত প্রতিটি পর্যায়ে নারীদের ধারাবাহিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।
জুবাইদা রহমান বলেন, শুধু ডিগ্রি অর্জন নয়, নারীদের বিজ্ঞান, প্রযুক্তি, সাক্ষরতা ও ব্যবহারিক দক্ষতায় পারদর্শী করে তুলতে হবে। পাশাপাশি উদ্ভাবন, মতপ্রকাশ ও নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করা জরুরি।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন।
দেশব্যাপী ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের আয়োজন শিশুদের, বিশেষ করে মেয়েদের মধ্যে নেতৃত্ব, দলগত কাজ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করছে।
নারীর অর্থনৈতিক স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে জুবাইদা রহমান বলেন, নিজের আয়, সঞ্চয় এবং আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা একজন নারীর ব্যক্তিগত জীবনকে শক্তিশালী করার পাশাপাশি পরিবারের সামগ্রিক সক্ষমতাও বাড়ায়। এ ক্ষেত্রে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচিকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যসেবা খাতে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যার ৮০ শতাংশই নারী। এ ছাড়া নারী ও শিশুর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা রয়েছে।
নারীদের কর্মজীবন নির্বিঘ্ন রাখতে দেশব্যাপী দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তাঁর মতে, পারিবারিক দায়িত্ব যেন নারীদের পেশাগত অগ্রগতির পথে বাধা হয়ে না দাঁড়ায়। একই সঙ্গে কর্মক্ষেত্রে নতুন দক্ষতা অর্জন এবং দীর্ঘ বিরতির পর পুনরায় কাজে ফেরার সুযোগ নিশ্চিত করতে হবে।
প্রযুক্তির পরিবর্তিত বাস্তবতা তুলে ধরে জুবাইদা রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল সেবা ও আধুনিক প্রযুক্তি কর্মক্ষেত্রের ধরন বদলে দিচ্ছে। এসব খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানো গেলে ভবিষ্যতের অর্থনীতি আরও অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনী হবে।
তিনি আরও বলেন, নারীর অগ্রগতি নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীদের স্বপ্ন দেখার সুযোগ দেওয়ার পাশাপাশি শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, নারীদের অর্জন উদযাপনের পাশাপাশি তাদের এগিয়ে যাওয়ার পথে বিদ্যমান বাধাগুলো দূর করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় নারীদের সম্ভাবনাকে নেতৃত্বে এবং নেতৃত্বকে দেশের টেকসই উন্নয়নে রূপান্তর করা সম্ভব।
অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানার সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, এফআইসিসিআই সভাপতি রুপালী হক চৌধুরী, সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ, ঢাকায় মার্কিন দূতাবাসের অ্যাক্টিং ডেপুটি চিফ অব মিশন তৃশিতা মোওলা, শেভরন বাংলাদেশের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ং এবং ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।