প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2026 ইং
জামায়াত-এনসিপি হাদীর ফ্যাসিবাদবিরোধী চেতনা থেকে অনেক দূরে: রাশেদ খান

জামায়াত ও এনসিপি শহীদ ওসমান হাদীর আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আদর্শ থেকে অনেক দূরে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক স্বার্থে প্রয়োজন অনুযায়ী শহীদ ওসমান হাদীকে ব্যবহার করছে দল দুটি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খান বলেন, আওয়ামী লীগের অপতৎপরতা থেকে দেশকে রক্ষা করতে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—টানা তিন মাস রাজপথে সতর্ক পাহারার বিকল্প নেই। তাঁর দাবি, দীর্ঘ সময় আড়ালে থাকার পর দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। যেকোনো সামাজিক আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে।
শ্রমিকদের মজুরি প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের দাবি বাস্তবায়নে মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছে সরকার। সেখানে সরকার, মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো পক্ষের এককভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই।
রাশেদ খান অভিযোগ করেন, নাহিদ ইসলাম শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আন্দোলনকে উসকে দিয়েছেন। তাঁর বক্তব্যের মাধ্যমে শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের দুর্বৃত্তদের অংশগ্রহণকে সমর্থন দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে তিনি উল্লেখ করেছিলেন, বর্তমান বিরোধী দল ও পতিত স্বৈরাচারের অপতৎপরতা সামাল দিয়েই বিএনপি সরকারকে দেশ পরিচালনা করতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তাঁর সেই বক্তব্যের সত্যতা প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি।
রাশেদ খানের অভিযোগ, আওয়ামী লীগের পক্ষ থেকে রাজপথে অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে তা মোকাবিলায় বিএনপিকেই এগিয়ে আসতে হবে। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে জামায়াত ও এনসিপিকে আর পাশে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে তিনি জানান, নাহিদ ইসলামের আহ্বানে সাড়া না দিয়ে গার্মেন্টস শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান