প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2026 ইং
মোংলায় শিল্পায়নে চীনা বিনিয়োগ বাড়াতে আগ্রহী বাংলাদেশ

বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নে বাংলাদেশ চীনের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। বিশেষ করে বাগেরহাটের মোংলায় নতুন শিল্প-কারখানা স্থাপনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
এ সময় সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তিনি। আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতার জন্যও প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী আরও বলেন, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আশা প্রকাশ করেন, চীনা বিনিয়োগ বাড়লে মোংলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান