প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
শ্রমিক আন্দোলনের নামে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাধারণ শ্রমিকদের আন্দোলনকে কাজে লাগিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শ্রমিকদের ব্যবহার করে পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালানোর অপচেষ্টা হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের কোনো অমীমাংসিত দাবি-দাওয়া নেই। এরপরও একটি মহল পরিকল্পিতভাবে শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। শ্রমিক আন্দোলনের নামে সংঘটিত বিশৃঙ্খলা ও সহিংসতায় সাধারণ শ্রমিকদের সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, কিছু বহিরাগত ও শ্রমিক নন—এমন ব্যক্তিরা এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত।
তিনি আরও অভিযোগ করেন, তদন্তে অতীতে আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্বে থাকা কয়েকজন গার্মেন্টস মালিক, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর রাজনৈতিক ভূমিকার বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি মাফিয়া ও প্রতিক্রিয়াশীল শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সহিংসতা মোকাবিলায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
শ্রমিকদের স্বার্থের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রমিক ও শিল্পবান্ধব। শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। সরকারের লক্ষ্য হচ্ছে রপ্তানি বাড়ানো, অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা এবং দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান