প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
৩ মাসের পূর্বাভাস: শীতে জেঁকে বসতে পারে তীব্র শৈত্যপ্রবাহ, ঘূর্ণিঝড়েরও শঙ্কা

নভেম্বর শুরু হলেও এখনো সেভাবে শীতের আমেজ অনুভূত হচ্ছে না। তবে সামনের দিনগুলোতে আবহাওয়ার পরিস্থিতিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহের পাশাপাশি বঙ্গোপসাগরে কয়েকটি লঘুচাপ ও ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, নভেম্বরজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। তবে মাসজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার সম্ভাবনাও রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে।
অন্যদিকে, আগামী জানুয়ারি পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে শীতের তীব্রতা বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এ সময় দেশে চার থেকে ছয়টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া আগামী তিন মাসে বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডিসেম্বর ও জানুয়ারি মাসে ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসতে পারে। ফলে প্রকৃত তাপমাত্রা খুব বেশি না কমলেও শীতের অনুভূতি বাড়তে পারে। এ সময়ে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে নভেম্বর থেকে জানুয়ারি—এই তিন মাসে শীতের তীব্রতা, কুয়াশা এবং বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান